॥ বাউল ॥ মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা! তোমার কোলে তোমার বোলে কতই শান্তি ভালোবাসা। কি যাদু বাংলা গানে- গান গেয়ে দাঁড় মাঝি টানে। এমন কোথা আর আছে গো! গেয়ে গান নাচে বাউল, গান গেয়ে ধান কাটে চাষা। ওই ভাষাতেই নিতাই গোরা আনল দেশে ভক্তিধারা- মরি হায় হায় রে! আছে কই এমন ভাষা, এমন দুঃখ-শ্রান্তি-নাশা? বিদ্যাপতি, চণ্ডী, গোবিন, হেম, মধু, বঙ্কিম, নবীন- আরও কত মধুপ গো!- ওই ফুলেরি মধুর রসে বাঁধল সুখে মধুর বাসা। বাজিয়ে রবি তোমার বীণে আনল মালা জগৎ জিনে!- গরব কোথায় রাখি গো?- তোমার চরণ-তীর্থে আজি জগৎ করে যাওয়া-আসা। ওই ভাষাতেই প্রথম বোলে ডাকনু মায়ে ‘মা’ ‘মা’ ব’লে; ওই ভাষাতেই বলব ‘হরি’ সাঙ্গ হলে কাঁদা-হাসা।
মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই; দীন-দুঃখিনী মা যে তোদের তার বেশী আর সাধ্য নাই। ঐ মোটা সূতোর সঙ্গে, মায়ের অপার স্নেহ দেখতে পাই; আমরা, এমনি পাষাণ, তাই ফেলে ঐ পরের দোরে ভিক্ষা চাই। ঐ দুঃখী মায়ের ঘরে, তোদের সবার প্রচুর অন্ন নাই; তবু, তাই বেচে কাচ, সাবান মোজা, কিনে কল্লি ঘর বোঝাই। আয়রে আমরা মায়ের নামে এই প্রতিজ্ঞা ক'রব ভাই; পরের জিনিস কিনবো না, যদি মায়ের ঘরের জিনিস পাই।