সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

আমার সমুদ্র দেখা, আমার পাহাড় দেখা - মহাদেব সাহা---ধূলোমাটির মানুষ


আমার কোনোদিন সমুদ্রদর্শন হয়নি, পাহাড় দেখাও না
কেন যে সমুদ্র বা পাহাড় আমাকে এমন বিমুখ করেছে
সমুদ্র আমাকে দর্শন দেননি কখনো
পাহাড় আমাকে সান্নিধ্য,
বাল্টিকের তীরে দাঁড়িয়ে আমি যেমন ধু-ধু জলরাশি ছাড়া
কোনো সমুদ্রই দেখতে পাইনি আর
তেমনি ময়নামতির পাহাড়েও প্রস্তরীভুত নিস্তব্ধতা,
এই আমার পাহাড় কিংবা সমুদ্রদর্শন!
হয়তো সমুদ্র দেখতে গিয়েই আমার তখনই
মনে পড়ে যায় একটি নিঃসঙ্গ চড়ুই কিংবা কাকের করুণ মৃত্যু
কিংবা মাতিসের কোনো নীল চোখের দিকে তাকিয়েই মনে হয়
সমুদ্র
কখনো কপালকুণ্ডলার আখ্যান জুড়েই উচ্ছল হয়ে ওঠে
নীলফেনিল তরঙ্গমালা!
কিন্তু আমি তো সমুদ্রই দেখতে চেয়েছিলাম তবুও সমুদ্রের কাছে গিয়ে
আমার কখনো সমুদ্র দেখা হয়নি
যেমন পাহাড়ের কাছে গিয়ে দেখা হয়নি কোনো নিবিড় পাহাড়কে,
আমি সেখানে উচ্চতা ছাড়া পাহাড় বলতে কিছুই দেখিনি!
এই সমুদ্র আমাকে চিরদিন বিমুখ করেছে
সমুদ্রের গায়ে হাত রেখে তাই তাকে
কেমন আছে বলে কুশল প্রশ্ন করতে পারিনি কখনো,
যতোবারই তাকিয়েছি ততোবারই মনে হয়েছে ব্যর্থতা
এক অর্থে এই ব্যর্থতার নামই সমুদ্র কিংবা পাহাড়;
পাহাড় আর সমুদ্রের মধ্যে ঈশ্বর জানেন কোথায় যেন কি
মিল আছে
হযতো তাই পাহাড়কে কখনো আমার মনে হয়েছে তরঙ্গময়
সমুদ্রকে শিলাশোভিত;
আমি হয়তো সমুদ্রের মধ্যে আরো কোনো পৃথক সমুদ্র সন্ধান
করেছিলাম কি না কে জানে
পাহাড় কিংবা আকাশের দিকে তাকিয়েও ঠিক তেমনি
অন্য কোনো স্বপ্ন-কোনো আভাস
তাই এখন কেবল মনে পড়ছে বাল্টিক কিংবা আরব সাগরের কূলে
আমি একটিও ঝিনুক কিংবা শঙ্খ কুড়াইনি কখনো
ক্যামেরায় সমুদ্রের ছবি তোলার দুঃসাহস করবো কীভাবে
সমুদ্রের কাছ থেকে আমি উপহার পেয়েছিলাম সামান্য যা টাকাকড়ি
তার নাম ব্যর্থতা;
চিরকাল পাহাড় ও সমুদ্রদর্শন করতে গিয়ে
আমার লাভের মধ্যে এই কিছু পবিত্র বিষাদ অর্জন!
তাই সমুদ্র দেখতে গিয়ে আমার সমুদ্রদর্শন হয়নি
পাহাড় দেখতে গিয়ে পাহাড় দেখা,
না দেখেছি পাহাড় না দেখেছি সমুদ্র
অথচ কী যে দেখতে দেখতে কী যে দেখতে দেখতে
আমার কতোবার দুপুর গড়িয়ে সন্ধ্যা নেমেছে
হয়তো আমি কিছুই দেখিনি সেই না-দেখাটাই ছিলো আমার
সমুদ্রদর্শন, আমার পাহাড়-প্রবেশ।
সমুদ্রের নীল জলরাশির দিকে তাকিয়ে কখন মনে পড়েছে
আমার মায়ের অশ্রুভেজা দুটি চোখ
সমুদ্রকে তার সেই সিক্ত ও সজল চোখের চেয়ে বিস্তৃত মনে
হয়নি আমার,
যে চোখ এতো অশ্রু ও মমতা ধারণ করে আছে তার দিকে তাকিয়েই
আমি বলেছি এই তো সমুদ্র!
হতে পারে সমুদ্রকে এভাবেই আমি ভিন্ন ও পৃথক রূপে দেখে
ভীত ও শিহরিত হয়েছিলাম।
আবার আকাশের দিকে তাকাতে তাকাতেই আমার কখন যে
বাংলাদেশের একজন ক্ষুধার্ত কিশোরীর মলিন ছেঁড়া শাড়ির কথা
মনে পড়ে যায়, বলতে পারবো না
আকাশের চেয়ে তার দারিদ্র্যকেই বেশি বড়ো মনে হয় আমার
আমি কি করবো, সমুদ্র দর্শনের ঠিক একাগ্রতাই হয়তো আমার নেই
কিংবা আকাশ কি পাহাড় দেখার সঠিক মনোযোগ,
তাই সমুদ্র দেখতে দেখতে আমার মধ্যে জেগে ওঠে সামান্য একটি
চড়ুইয়ের মৃত্যুদৃশ্য
আকাশ দেখতে দেখতে আমার মনে হয় আমি বুঝি
সারা বাংলাদেশ জুড়ে কেবল বাসন্তীর ছেঁড়া শাড়ি টানানো দেখছি,
পাহাড় দেখতে গিয়ে কতোবার যে আমি এমনি আহত হয়ে
ফিরে এসেছি
সকলে সুদৃশ্য পাহাড় দেখলেও আমি সেসবের কিছুই দেখিনি।
তাই এসব অভিজ্ঞতার কথা বর্ণনা করতে বললে
তখনই কেবল চোখের সামনে পাহাড় ও অকূল সমুদ্র
ভেসে ওঠে
চোখের জলই আমার মনে হয় সমুদ্র
অটল মৌনতাই আমার কাছে পাহাড়;
কিন্তু সমুদ্রের সেই পৃথক সুন্দর রূপ আমি স্পষ্ট দেখতে পারিনি কখনো
তাই সমুদ্রের দিকে তাকিয়ে বারবার আমি দেখেছি জলের দম্ভ
অনেকটা মরুভূমির মতোই শূন্য ও ধূসর সে, এখানেই তো
বালিরও উদ্ভব
পরক্ষনেই সমুদ্রে জাহাজগুলোকে ভাসতে দেখে
আমার মনে হয়েছে অনন্তের মধ্যে সাঁতার কাটছে তোমার রাজহাঁস,
মাছগুলো এই সমুদ্রের রহস্যের মতোই লাল ও উদাসীন
সূর্যাস্ত আর গোধূলিও যেন এই সুমদ্রের মধ্যেই শুয়ে আছে!
কখনো এই সমুদ্রের মধ্যেই আমি দেখেছি জ্বলজ্বল করছে
অসংখ্য তারা, চাঁদ ভাসছে সমুদ্রে
হঠাৎ সমুদ্রের মধ্যে এই নীলাকাশ দেখে
আমি কেমন বিহ্বল ও অনুতপ্ত হয়ে পড়ি;
আর আমার সমুদ্র দেখা হয় না, সমুদ্রের কলতান
আমার কাছে মনে হতে থাকে তোমার ব্যাকুল আহ্বান যেন,
তাই কেউ যখন পাহাড়ের উচ্চতা মাপতে যায়
আমি তখন মৌনতা বিষয়ে ভাবতে থাকি।
আমি হয়তো সমুদ্রে ঠিক সমুদ্র দেখতে পাই না
পাহাড়ে ঠিক পাহাড়,
হয়তো সমুদ্রের চেয়েও কিছু বেশি পাহাড়ের চেয়েও কিছু অধিক
আমি সেই সমুদ্র ও পাহাড়কেই হয়তো নাম দিতে চাই কবির তন্ময়তা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কাশফুলের কাব্য - নির্মলেন্দু গুণ

ভেবেছিলাম প্রথম যেদিন ফুটবে তোমায় দেখব , তোমার পুষ্প বনের গাঁথা মনের মত লেখব । তখন কালো কাজল মেঘ তো ব্যস্ত ছিল ছুটতে , ভেবেছিলাম আরো ক ' দিন যাবে তোমার ফুটতে । সবে তো এই বর্ষা গেল শরত এলো মাত্র , এরই মধ্যে শুভ্র কাশে ভরলো তোমার গাত্র । ক্ষেতের আলে নদীর কুলে পুকুরের ওই পাড়টায় , হঠাৎ দেখি কাশ ফুটেছে বাঁশ বনের ওই ধারটায় । আকাশ থাকে মুখ নামিয়ে মাটির দিকে নুয়ে , দেখি ভোরের বাতাসে কাশ দুলছে মাটি ছুঁয়ে । কিন্তু কখন ফুটেছে তা কেউ পারে না বলতে , সবাই শুধু থমকে দাঁড়ায় গাঁয়ের পথে চলতে । উচ্চ দোলা পাখির মত কাশ বনে এক কণ্বে , তুলছে কাশের ময়ূর চূড়া কালো খোঁপার জন্যে । শরত রানী যেন কাশের বোরখা খানি খুলে , কাশ বনের ওই আড়াল থেকে নাচছে দুলে দুলে । প্রথম কবে ফুটেছে কাশ সেই শুধুরা জানে , তাইতো সেটা সবার আগে খোঁপায় বেঁধে আনে । ইচ্ছে করে ডেকে বলি , ওগো কাশের মেয়ে - " আজকে আমার চোখ জুড়ালো তোমার দেখা পেয়ে তোমার হাতে বন্ধী আমার ভালবাসার ক...

দুঃসময় – রবীন্দ্রনাথ ঠাকুর

যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে , সব সংগীত গেছে ইঙ্গিতে থামিয়া , যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে , যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া , মহা - আশঙ্কা জপিছে মৌন মন্তরে , দিক্ - দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা — তবু বিহঙ্গ , ওরে বিহঙ্গ মোর , এখনি , অন্ধ , বন্ধ কোরো না পাখা । এ নহে মুখর বনমর্মরগুঞ্জিত , এ যে অজাগর - গরজে সাগর ফুলিছে ; এ নহে কুঞ্জ কুন্দকুসুমরঞ্জিত , ফেনহিল্লোল কলকল্লোলে দুলিছে। কোথা রে সে তীর ফুলপল্লবপুঞ্জিত , কোথা রে সে নীড় , কোথা আশ্রয়শাখা — তবু বিহঙ্গ , ওরে বিহঙ্গ মোর , এখনি , অন্ধ , বন্ধ কোরো না পাখা । এখনো সমুখে রয়েছে সুচির শর্বরী , ঘুমায় অরুণ সুদূর অস্ত - অচলে ; বিশ্বজগত্ নিশ্বাসবায়ু সম্বরি স্তব্ধ আসনে প্রহর গনিছে বিরলে ; সবে দেখা দিল অকূল তিমির সন্তরি দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা — ওরে বিহঙ্গ , ওরে বিহঙ্গ মোর , এখনি , অন্ধ , বন্ধ কোরো না পাখা । ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি ইঙ্গিত করি তোমা - পানে আছে চাহিয়া ; নিম্নে গভীর অধীর মরণ উচ্ছলি শত তরঙ্গে তোমা -...

হে মোর চিত্ত, পুণ্য তীর্থে জাগো – রবীন্দ্রনাথ ঠাকুর

হে মোর চিত্ত , পুণ্য তীর্থে জাগো রে ধীরে এই ভারতের মহামানবের সাগরতীরে। হেথায় দাঁড়ায়ে দু বাহু বাড়ায়ে নমি নরদেবতারে — উদার ছন্দে , পরমানন্দে বন্দন করি তাঁরে। ধ্যানগম্ভীর এই - যে ভূধর , নদী - জপমালা - ধৃত প্রান্তর , হেথায় নিত্য হেরো পবিত্র ধরিত্রীরে — এই ভারতের মহামানবের সাগরতীরে ॥ কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা দুর্বার স্রোতে এল কোথা হতে , সমুদ্রে হল হারা। হেথায় আর্য , হেথা অনার্য , হেথায় দ্রাবিড় চীন — শক - হুন - দল পাঠান - মোগল এক দেহে হল লীন। পশ্চিমে আজি খুলিয়াছে দ্বার , সেথা হতে সবে আনে উপহার , দিবে আর নিবে , মিলাবে মিলিবে , যাবে না ফিরে — এই ভারতের মহামানবের সাগরতীরে ॥ এসো হে আর্য , এসো অনার্য , হিন্দু - মুসলমান। এসো এসো আজ তুমি ইংরাজ , এসো এসো খৃস্টান। এসো ব্রাহ্মণ , শুচি করি মন ধরো হাত সবাকার। এসো হে পতিত , হোক অপনীত সব অপমানভার। মার অভিষেকে এসো এসো ত্বরা , মঙ্গলঘট হয় নি যে ভরা সবার - পরশে - পবিত্র - করা তীর্থনীরে — আজি ভারতের মহামানবের সাগরতীরে...