সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

শহীদী-ঈদ - কাজী নজরুল ইসলাম---ভাঙ্গার গান

১
শহীদের ঈদ এসেছে আজ
শিরোপরি খুন-লোহিত তাজ,
আল্লাহর রাহে চাহে সে ভিখ্:
জিয়ারার চেয়ে পিয়ারা যে
আল্লার রাহে তাহারে দে,
চাহি না ফাঁকির মণিমানিক।

২
চাহি না ক’ গাভী দুম্বা উট,
কতটুকু দান? ও দান ঝুট।
চাই কোরবানী, চাই না দান।
রাখিতে ইজ্জত্ ইসলামের 
শির চাই তোর, তোর ছেলের,
দেবে কি? কে আছ মুসলমান?

৩
ওরে ফাঁকিবাজ, ফেরেব-বাজ,
আপনারে আর দিস্নে লাজ,-
গরু ঘুষ দিয়ে চাস্ সওয়াব?
যদিই রে তুই গরুর সাথ
পার হয়ে যাস পুল্সেরাত,
কি দিবি মোহাম্মদে জওয়াব।

৪ 
শুধাবেন যবে-ওরে কাফের,
কি করেছ তুমি ইসলামের?
ইসলামে দিয়ে জাহান্নম
আপনি এসেছ বেহেশ্ত্ ’পর-
পুণ্য-পিশাচ! স্বার্থপর!
দেখাস্নে মুখ, লাগে শরম!

৫
গরুরে করিলে সেরাত পার,
সন্তানে দিলে নরক-নার!
মায়া-দোষে ছেলে গেল দোজখ।
কোরবানী দিলি গরু-ছাগল,
তাদেরই জীবন হ’ল সফল
পেয়েছে তাহারা বেহেশ্ত্-লোক!

৬
শুধু আপনারে বাঁচায় যে,
মুসলিম নহে, ভন্ড সে!
ইসলাম বলে-বাঁচ সবাই!
দাও কোরবানী জান্ ও মাল,
বেহেশ্ত্ তোমার কর হালাল।
স্বার্থপরের বেহেশ্ত্ নাই।

৭
ইসলামে তুমি দিয়ে কবর
মুসলিম ব’লে কর ফখর!
মোনাফেক তুমি সেরা বে-দীন!
ইসলামে যারা করে জবেহ্,
তুমি তাহাদেরি হও তাবে।
তুমি জুতো-বওয়া তারি অধীন।

৮
নামাজ-রোজার শুধু ভড়ং,
ইয়া উয়া প’রে সেজেছ সং,
ত্যাগ নাই তোর এক ছিদাম!
কাঁড়ি কাঁড়ি টাকা কর জড়,
ত্যাগের বেলাতে জড়সড়!
তোর নামাজের কি আছে দাম?

৯
খেয়ে খেয়ে গোশ্ত্ রুটি তো খুব
হয়েছ খোদার খাসী বেকুব,
নিজেদের দাও কোরবানী।
বেঁচে যাবে তুমি, বাঁচিবে দ্বীন,
দাস ইসলাম হবে স্বাধীন,
গাহিছে কামাল এই গানই!

১০
বাঁচায়ে আপনা ছেলে-মেয়ে
জান্নাত্ পানে আছ্ চেয়ে 
ভাবিছ সেরাত হবেই পার।
কেননা, দিয়েছ সাত জনের
তরে এক গরু! আর কি, ঢের! 
সাতটি টাকায় গোনাহ্ কাবার!

১১
জান না কি তুমি, রে বেঈমান!
আল্লা সর্বশক্তিমান 
দেখিছেন তোর সব কিছু?
জাব্বা-জোব্বা দিয়ে ধোঁকা 
দিবি আল্লারে, ওরে বোকা!
কেয়ামতে হবে মাথা নীচু!

১২
ডুবে ইসলাম, আসে আঁধার!
ব্রাহিমের মত আবার 
কোরবানী দাও প্রেয় বিভব!
“জবীহুল্লাহ্” ছেলেরা হোক,
যাক সব কিছু-সত্য রোক!
মা হাজেরা হোক মায়েরা সব।

১৩
খা’বে দেখেছিলেন ইব্রাহিম-
“দাও কোরবানী মহামহিম!”
তোরা যে দেখিস্ দিবালোকে 
কি যে দুর্গতি ইসলামের!
পরীক্ষা নেন খোদা তোদের
হাববের সাথে বাজি রেখে!

১৪
যত দিন তোরা নিজেরা মেষ,
ভীরু দুর্বল, অধীন দেশ,-
আল্লার রাহে ততটা দিন 
দিও না ক’ পশু কোরবানী,
বিফল হবে রে সবখানী!
(তুই) পশু চেয়ে যে রে অধম হীন!

১৫
মনের পশুরে কর জবাই, 
পশুরাও বাঁচে, বাঁচে সবাই।
কশাই-এর আবার র্কোবানী!-
আমাদের নয়, তাদের ঈদ,
বীর-সুত যারা হ’ল শহীদ,
অমর যাদের বীরবাণী।

১৬
পশু কোরবানী দিস্ তখন 
আজাদ-মুক্ত হবি যখন
জুলম-মুক্ত হবে রে দীন।-
কোরবানীর আজ এই যে খুন 
শিখা হয়ে যেন জালে আগুন,
জালিমের যেন রাখে না চিন্!!
আমিন্ রাব্বিল্ আলামিন!
আমিন রাব্বিল্ আলামিন!!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কাশফুলের কাব্য - নির্মলেন্দু গুণ

ভেবেছিলাম প্রথম যেদিন ফুটবে তোমায় দেখব , তোমার পুষ্প বনের গাঁথা মনের মত লেখব । তখন কালো কাজল মেঘ তো ব্যস্ত ছিল ছুটতে , ভেবেছিলাম আরো ক ' দিন যাবে তোমার ফুটতে । সবে তো এই বর্ষা গেল শরত এলো মাত্র , এরই মধ্যে শুভ্র কাশে ভরলো তোমার গাত্র । ক্ষেতের আলে নদীর কুলে পুকুরের ওই পাড়টায় , হঠাৎ দেখি কাশ ফুটেছে বাঁশ বনের ওই ধারটায় । আকাশ থাকে মুখ নামিয়ে মাটির দিকে নুয়ে , দেখি ভোরের বাতাসে কাশ দুলছে মাটি ছুঁয়ে । কিন্তু কখন ফুটেছে তা কেউ পারে না বলতে , সবাই শুধু থমকে দাঁড়ায় গাঁয়ের পথে চলতে । উচ্চ দোলা পাখির মত কাশ বনে এক কণ্বে , তুলছে কাশের ময়ূর চূড়া কালো খোঁপার জন্যে । শরত রানী যেন কাশের বোরখা খানি খুলে , কাশ বনের ওই আড়াল থেকে নাচছে দুলে দুলে । প্রথম কবে ফুটেছে কাশ সেই শুধুরা জানে , তাইতো সেটা সবার আগে খোঁপায় বেঁধে আনে । ইচ্ছে করে ডেকে বলি , ওগো কাশের মেয়ে - " আজকে আমার চোখ জুড়ালো তোমার দেখা পেয়ে তোমার হাতে বন্ধী আমার ভালবাসার ক...

দুঃসময় – রবীন্দ্রনাথ ঠাকুর

যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে , সব সংগীত গেছে ইঙ্গিতে থামিয়া , যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে , যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া , মহা - আশঙ্কা জপিছে মৌন মন্তরে , দিক্ - দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা — তবু বিহঙ্গ , ওরে বিহঙ্গ মোর , এখনি , অন্ধ , বন্ধ কোরো না পাখা । এ নহে মুখর বনমর্মরগুঞ্জিত , এ যে অজাগর - গরজে সাগর ফুলিছে ; এ নহে কুঞ্জ কুন্দকুসুমরঞ্জিত , ফেনহিল্লোল কলকল্লোলে দুলিছে। কোথা রে সে তীর ফুলপল্লবপুঞ্জিত , কোথা রে সে নীড় , কোথা আশ্রয়শাখা — তবু বিহঙ্গ , ওরে বিহঙ্গ মোর , এখনি , অন্ধ , বন্ধ কোরো না পাখা । এখনো সমুখে রয়েছে সুচির শর্বরী , ঘুমায় অরুণ সুদূর অস্ত - অচলে ; বিশ্বজগত্ নিশ্বাসবায়ু সম্বরি স্তব্ধ আসনে প্রহর গনিছে বিরলে ; সবে দেখা দিল অকূল তিমির সন্তরি দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা — ওরে বিহঙ্গ , ওরে বিহঙ্গ মোর , এখনি , অন্ধ , বন্ধ কোরো না পাখা । ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি ইঙ্গিত করি তোমা - পানে আছে চাহিয়া ; নিম্নে গভীর অধীর মরণ উচ্ছলি শত তরঙ্গে তোমা -...

হে মোর চিত্ত, পুণ্য তীর্থে জাগো – রবীন্দ্রনাথ ঠাকুর

হে মোর চিত্ত , পুণ্য তীর্থে জাগো রে ধীরে এই ভারতের মহামানবের সাগরতীরে। হেথায় দাঁড়ায়ে দু বাহু বাড়ায়ে নমি নরদেবতারে — উদার ছন্দে , পরমানন্দে বন্দন করি তাঁরে। ধ্যানগম্ভীর এই - যে ভূধর , নদী - জপমালা - ধৃত প্রান্তর , হেথায় নিত্য হেরো পবিত্র ধরিত্রীরে — এই ভারতের মহামানবের সাগরতীরে ॥ কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা দুর্বার স্রোতে এল কোথা হতে , সমুদ্রে হল হারা। হেথায় আর্য , হেথা অনার্য , হেথায় দ্রাবিড় চীন — শক - হুন - দল পাঠান - মোগল এক দেহে হল লীন। পশ্চিমে আজি খুলিয়াছে দ্বার , সেথা হতে সবে আনে উপহার , দিবে আর নিবে , মিলাবে মিলিবে , যাবে না ফিরে — এই ভারতের মহামানবের সাগরতীরে ॥ এসো হে আর্য , এসো অনার্য , হিন্দু - মুসলমান। এসো এসো আজ তুমি ইংরাজ , এসো এসো খৃস্টান। এসো ব্রাহ্মণ , শুচি করি মন ধরো হাত সবাকার। এসো হে পতিত , হোক অপনীত সব অপমানভার। মার অভিষেকে এসো এসো ত্বরা , মঙ্গলঘট হয় নি যে ভরা সবার - পরশে - পবিত্র - করা তীর্থনীরে — আজি ভারতের মহামানবের সাগরতীরে...