সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

শা-জাহান-রবীন্দ্রনাথ ঠাকুর



এ কথা জানিতে তুমি ভারত-ঈশ্বর শা-জাহান,
কালস্রোতে ভেসে যায় জীবন যৌবন ধনমান।
শুধু তব অন্তরবেদনা
চিরন্তন হয়ে থাক্, সম্রাটের ছিল এ সাধনা
রাজশক্তি বজ্রসুকঠিন
সন্ধ্যারক্তরাগসম তন্দ্রাতলে হয় হোক লীন
কেবল একটি দীর্ঘশ্বাস
নিত্য-উচ্ছ্বসিত হয়ে সকরুণ করুক আকাশ,
এই তব মনে ছিল আশ।
হীরামুক্তামানিক্যের ঘটা
যেন শুন্য দিগন্তের ইন্দ্রজাল ইন্দ্রধনুচ্ছটা
যায় যদি লুপ্ত হয়ে যাক,
শুধু থাক্
একবিন্দু নয়নের জল
কালের কপোলতলে শুভ্র সমুজ্জ্বল
এ তাজমহল॥
হায় ওরে মানবহৃদয়,
বার বার
কারো পানে ফিরে চাহিবার
নাই যে সময়,
নাই নাই।
জীবনের খরস্রোতে ভাসিছ সদাই
ভুবনের ঘাটে ঘাটে—
এক হাতে লও বোঝা, শুন্য করে দাও অন্য হাটে।
দক্ষিণের মন্ত্রগুঞ্জরণে
তব কুঞ্জবনে
বসন্তের মাধবীমঞ্জরি
যেই ক্ষণে দেয় ভরি
মালঞ্চের চঞ্চল অঞ্চল—
বিদায়গোধুলি আসে ধুলায় ছড়ায়ে ছিন্ন দল।
সময় যে নাই,
আবার শিশিররাত্রে তাই
নিকুঞ্জে ফুটায়ে তোল নব কুন্দরাজি
সাজাইতে হেমন্তের অশ্রুভরা আনন্দের সাজি।
হায় রে হৃদয়,
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
নাই নাই, নাই যে সময়॥
হে সম্রাট্, তাই তব শঙ্কিত হৃদয়
চেয়েছিল করিবারে সময়ের হৃদয়হরণ
সৌন্দর্যে ভুলায়ে।
কণ্ঠে তার কী মালা দুলায়ে
করিলে বরণ
রূপহীন মরণেরে মৃত্যুহীন অপরূপ সাজে!
রহে না যে
বিলাপের অবকাশ
বারো মাস,
তাই তব অশান্ত ক্রন্দনে
চিরমৌনজাল দিয়ে বেঁধে দিলে কঠিন বন্ধনে।
জ্যোত্‍‌স্নারাতে নিভৃত মন্দিরে
প্রেয়সীরে
যে নামে ডাকিতে ধীরে ধীরে
সেই কানে-কানে ডাকা রেখে গেলে এইখানে
অনন্তের কানে।
প্রেমের করুণ কোমলতা,
ফুটিল তা
সৌন্দর্যের পুষ্পপুঞ্জে প্রশান্ত পাষাণে॥
হে সম্রাট্ কবি,
এই তব হৃদয়ের ছবি,
এই তব নব মেঘদূত,
অপূর্ব অদ্ভুত
ছন্দে গানে
উঠিয়াছে অলক্ষ্যের পানে—
যেথা তব বিরহিণী প্রিয়া
রয়েছে মিশিয়া
প্রভাতের অরুণ-আভাসে,
ক্লান্তসন্ধ্যা দিগন্তের করুণ নিশ্বাসে,
পূর্ণিমায় দেহহীন চামেলীর লাবণ্যবিলাসে,
ভাষার অতীত তীরে
কাঙাল নয়ন যেথা দ্বার হতে আসে ফিরে ফিরে।
তোমার সৌন্দর্যদূত যুগ যুগ ধরি
এড়াইয়া কালের প্রহরী
চলিয়াছে বাক্যহারা এই বার্তা নিয়া—
`
ভুলি নাই, ভুলি নাই, ভুলি নাই প্রিয়া!’
চলে গেছ তুমি আজ,
মহারাজ—
রাজ্য তব স্বপ্নসম গেছে ছুটে,
সিংহাসন গেছে টুটে,
তব সৈন্যদল
যাদের চরণভরে ধরণী করিত টলমল
তাহাদের স্মৃতি আজ বায়ুভরে
উড়ে যায় দিল্লির পথের ধূলি-’পরে।
বন্দীরা গাহে না গান,
যমুনাকল্লোল-সাথে নহবত মিলায় না তান।
তব পুরসুন্দরীর নূপুরনিক্কণ
ভগ্ন প্রাসাদের কোণে
ম’রে গিয়ে ঝিল্লিস্বনে
কাঁদায় রে নিশার গগন।
তবুও তোমার দূত অমলিন,
শ্রান্তিক্লান্তিহীন,
তুচ্ছ করি রাজ্য-ভাঙাগড়া,
তুচ্ছ করি জীবনমৃত্যুর ওঠাপড়া,
যুগে যুগান্তরে
কহিতেছে একস্বরে
চিরবিরহীর বাণী নিয়া—
`
ভুলি নাই, ভুলি নাই, ভুলি নাই প্রিয়া!’
মিথ্যা কথা! কে বলে যে ভোল নাই?
কে বলে রে খোল নাই
স্মৃতির পিঞ্জরদ্বার?
অতীতের চির-অস্ত-অন্ধকার
আজিও হৃদয় তব রেখেছে বাঁধিয়া?
বিস্মৃতির মুক্তিপথ দিয়া
আজিও সে হয়নি বাহির?
সমাধিমন্দির এক ঠাঁই রহে চিরস্থির,
ধরার ধূলায় থাকি
স্মরণের আবরণে মরণেরে যত্নে রাখে ঢাকি।
জীবনেরে কে রাখিতে পারে!
আকাশের প্রতি তারা ডাকিছে তাহারে।
তার নিমন্ত্রণ লোকে লোকে
নব নব পূর্বাচলে আলোকে আলোকে।
স্মরণের গ্রন্থি টুটে
সে যে যায় ছুটে
বিশ্বপথে বন্ধনবিহীন।
মহারাজ, কোনো মহারাজ্য কোনোদিন
পারে নাই তোমারে ধরিতে।
সমুদ্রস্তনিত পৃথ্বী, হে বিরাট, তোমারে ভরিতে
নাহি পারে—
তাই এ ধরারে
জীবন-উত্‍‌সব-শেষে দুই পায়ে ঠেলে
মৃত্‍‌পাত্রের মত যাও ফেলে।
তোমার কীর্তির চেয়ে তুমি যে মহত্‍‌,
তাই তব জীবনের রথ
পশ্চাতে ফেলিয়া যায় কীর্তিরে তোমার
বারম্বার।
তাই
চিহ্ন তব পড়ে আছে, তুমি হেথা নাই।
যে প্রেম সম্মুখপানে
চলিতে চালাতে নাহি জানে,
যে প্রেম পথের মধ্যে পেতেছিল নিজসিংহাসন,
তার বিলাসের সম্ভাষণ
পথের ধূলার মতো জড়ায়ে ধরেছে তব পায়ে—
দিয়েছ তা ধূলিরে ফিরায়ে।
সেই তব পশ্চাতের পদধূলি-’পরে
তব চিত্ত হতে বায়ুভরে
কখন সহসা
উড়ে পড়েছিল বীজ জীবনের মাল্য হতে খসা।
তুমি চলে গেছ দূরে,
সেই বীজ অমর অঙ্কুরে
উঠেছে অম্বর-পানে,
কহিছে গম্ভীর গানে—
`
যত দূর চাই
নাই নাই সে পথিক নাই।
প্রিয়া তারে রাখিল না, রাজ্য তারে ছাড়ি দিল পথ,
রুধিল না সমুদ্র পর্বত।
আজি তার রথ
চলিয়াছে রাত্রির আহ্বানে
নক্ষত্রের গানে
প্রভাতের সিংহদ্বার-পানে।
তাই
স্মৃতিভারে আমি পড়ে আছি,
ভারমুক্ত সে এখানে নাই।’

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কাশফুলের কাব্য - নির্মলেন্দু গুণ

ভেবেছিলাম প্রথম যেদিন ফুটবে তোমায় দেখব , তোমার পুষ্প বনের গাঁথা মনের মত লেখব । তখন কালো কাজল মেঘ তো ব্যস্ত ছিল ছুটতে , ভেবেছিলাম আরো ক ' দিন যাবে তোমার ফুটতে । সবে তো এই বর্ষা গেল শরত এলো মাত্র , এরই মধ্যে শুভ্র কাশে ভরলো তোমার গাত্র । ক্ষেতের আলে নদীর কুলে পুকুরের ওই পাড়টায় , হঠাৎ দেখি কাশ ফুটেছে বাঁশ বনের ওই ধারটায় । আকাশ থাকে মুখ নামিয়ে মাটির দিকে নুয়ে , দেখি ভোরের বাতাসে কাশ দুলছে মাটি ছুঁয়ে । কিন্তু কখন ফুটেছে তা কেউ পারে না বলতে , সবাই শুধু থমকে দাঁড়ায় গাঁয়ের পথে চলতে । উচ্চ দোলা পাখির মত কাশ বনে এক কণ্বে , তুলছে কাশের ময়ূর চূড়া কালো খোঁপার জন্যে । শরত রানী যেন কাশের বোরখা খানি খুলে , কাশ বনের ওই আড়াল থেকে নাচছে দুলে দুলে । প্রথম কবে ফুটেছে কাশ সেই শুধুরা জানে , তাইতো সেটা সবার আগে খোঁপায় বেঁধে আনে । ইচ্ছে করে ডেকে বলি , ওগো কাশের মেয়ে - " আজকে আমার চোখ জুড়ালো তোমার দেখা পেয়ে তোমার হাতে বন্ধী আমার ভালবাসার ক...

দুঃসময় – রবীন্দ্রনাথ ঠাকুর

যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে , সব সংগীত গেছে ইঙ্গিতে থামিয়া , যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে , যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া , মহা - আশঙ্কা জপিছে মৌন মন্তরে , দিক্ - দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা — তবু বিহঙ্গ , ওরে বিহঙ্গ মোর , এখনি , অন্ধ , বন্ধ কোরো না পাখা । এ নহে মুখর বনমর্মরগুঞ্জিত , এ যে অজাগর - গরজে সাগর ফুলিছে ; এ নহে কুঞ্জ কুন্দকুসুমরঞ্জিত , ফেনহিল্লোল কলকল্লোলে দুলিছে। কোথা রে সে তীর ফুলপল্লবপুঞ্জিত , কোথা রে সে নীড় , কোথা আশ্রয়শাখা — তবু বিহঙ্গ , ওরে বিহঙ্গ মোর , এখনি , অন্ধ , বন্ধ কোরো না পাখা । এখনো সমুখে রয়েছে সুচির শর্বরী , ঘুমায় অরুণ সুদূর অস্ত - অচলে ; বিশ্বজগত্ নিশ্বাসবায়ু সম্বরি স্তব্ধ আসনে প্রহর গনিছে বিরলে ; সবে দেখা দিল অকূল তিমির সন্তরি দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা — ওরে বিহঙ্গ , ওরে বিহঙ্গ মোর , এখনি , অন্ধ , বন্ধ কোরো না পাখা । ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি ইঙ্গিত করি তোমা - পানে আছে চাহিয়া ; নিম্নে গভীর অধীর মরণ উচ্ছলি শত তরঙ্গে তোমা -...

হে মোর চিত্ত, পুণ্য তীর্থে জাগো – রবীন্দ্রনাথ ঠাকুর

হে মোর চিত্ত , পুণ্য তীর্থে জাগো রে ধীরে এই ভারতের মহামানবের সাগরতীরে। হেথায় দাঁড়ায়ে দু বাহু বাড়ায়ে নমি নরদেবতারে — উদার ছন্দে , পরমানন্দে বন্দন করি তাঁরে। ধ্যানগম্ভীর এই - যে ভূধর , নদী - জপমালা - ধৃত প্রান্তর , হেথায় নিত্য হেরো পবিত্র ধরিত্রীরে — এই ভারতের মহামানবের সাগরতীরে ॥ কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা দুর্বার স্রোতে এল কোথা হতে , সমুদ্রে হল হারা। হেথায় আর্য , হেথা অনার্য , হেথায় দ্রাবিড় চীন — শক - হুন - দল পাঠান - মোগল এক দেহে হল লীন। পশ্চিমে আজি খুলিয়াছে দ্বার , সেথা হতে সবে আনে উপহার , দিবে আর নিবে , মিলাবে মিলিবে , যাবে না ফিরে — এই ভারতের মহামানবের সাগরতীরে ॥ এসো হে আর্য , এসো অনার্য , হিন্দু - মুসলমান। এসো এসো আজ তুমি ইংরাজ , এসো এসো খৃস্টান। এসো ব্রাহ্মণ , শুচি করি মন ধরো হাত সবাকার। এসো হে পতিত , হোক অপনীত সব অপমানভার। মার অভিষেকে এসো এসো ত্বরা , মঙ্গলঘট হয় নি যে ভরা সবার - পরশে - পবিত্র - করা তীর্থনীরে — আজি ভারতের মহামানবের সাগরতীরে...